ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান নাকি আফরান নিশো—কে বড় অভিনেতা? এই প্রশ্ন ও বিতর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল। তবে এই ধরনের তুলনাকে অনর্থক ও ‘বিব্রতকর’ বলে উড়িয়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
সম্প্রতি প্রেক্ষাগৃহে নিজের অভিনীত ‘দম’ সিনেমাটি দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন চঞ্চল। সেখানে শাকিব-নিশো তুলনা প্রসঙ্গে তিনি সরাসরি বলেন, ‘আফরান নিশো বড় নাকি শাকিব খান বড়—এই প্রশ্ন যখন আমাকে বা প্রযোজক শাহরিয়ার শাকিলকে করা হয়, বিষয়টি তখন খুব বিব্রতকর হয়ে দাঁড়ায়। শিল্পীদের প্রত্যেকের নিজস্বতা আছে, প্রত্যেকেই আলাদা। তাই একজনের সঙ্গে অন্যকে তুলনা করাটা আমাদের জন্য বিব্রতকর।’
এবারের ঈদে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে, যা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সিনেমার এই জোয়ার নিয়ে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী বলেন, ‘এবার হলে বিভিন্ন ধরনের ছবি চলছে। দর্শক যদি একই রকমের অভিনয় বারবার দেখে, তবে তারাও বিরক্ত হয়। দর্শক যখন ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা দেখতে হলে আসেন, তখন অভিনয়শিল্পী হিসেবে আমাদের ভালো লাগে।’
উল্লেখ্য, ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে দুইটিতেই অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এর একটি ‘দম’, যেখানে তিনি প্রথমবারের মতো আফরান নিশোর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। অন্যটি ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে শরিফুল রাজ, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন ও মোশাররফ করিমের মতো তারকারা রয়েছেন। দুটি সিনেমা নিয়েই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এই অভিনেতা।
মানবকণ্ঠ/ডিআর




Comments