Image description

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছুটির পর স্কুল খোলার পরবর্তী ১০টি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা পূরণে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান চলবে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। এই ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এর পর থেকেই টানা ১০টি শনিবার স্কুল খোলা রাখার নিয়মটি কার্যকর হবে।

মানবকণ্ঠ/ডিআর