Image description

ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার। বছরদুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর টিকতে পারেনি।

জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌসুমী।

মৌসুমী হামিদ বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।”

গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘ অনেক দিন ধরেই চলছে।

নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ-শঙ্কার আবহ তৈরি হয়। দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়। 
অনেকের ধারণা, নিজের কার্যকলাপ ঢাকতেই রানা এই পদক্ষেপ নিয়েছেন।

জানা গেছে, নুসরাত তুবা এবং রানা একই নির্মাণ সংস্থায় কাজ করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।