Image description

জমজমাট লড়াইয়ে ভুটানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের এই জয়ে রুপার পদকও নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের সেমিফাইনালে আজ বুধবার (২৫ মার্চ) ভুটানকে ২৩২-২২৮ স্কোরে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ।

শুরুর তিন সেটে ৬০-৫৭, ৫৯-৫৮ ও ৫৭-৫৬ স্কোরে জিতে ফাইনালের পথে অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে ৫৭-৫৬ স্কোরে জিতলেও ভুটানের জন্য তা যথেষ্ট ছিল না।

সোনার পদকের লড়াইয়ে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে ১৩৪-১৩৩ স্কোরে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ভিয়েতনাম।

ফাইনালে তাদের কাছে বাংলাদেশ যদি হেরেও যায়, তবু রুপার পদক পাবে।

কম্পাউন্ড বিভাগে সর্বশেষ ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা জিতেছিল বাংলাদেশ। দলগত বিভাগে সেবার সেরা হওয়ার লড়াইয়ে তারা দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল।