সরকারের শীর্ষ প্রশাসনিক স্তরে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন ইয়াসমিন পারভীন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মো. মোখতার আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ে রায়হান কাওছার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জাকারিয়াকে সচিব করা হয়েছে।
এছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগে কাজী আনোয়ার হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ফাহমিদা আখতার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দেলোয়ার হোসেন নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে এস এম এবাদুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
পূর্বের সচিবদের মধ্যে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন সচিব নাসরীন জাহান এবং প্রবাসীকল্যাণ সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি চারজন সচিবকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রশাসনিক গতিশীলতা আনতেই এই ব্যাপক রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments