Image description

রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এসময় ৫-৭ শ জন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হয়।

মানবকণ্ঠ/ডিআর