Image description

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি এবং স্বাধীনতা দিবসের আমেজ শেষ হতে না হতেই চাকরিজীবীদের জন্য আবারও আসছে লম্বা ছুটির সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, আগামী এপ্রিল মাসেও সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের একটি অবকাশ যাপনের সুযোগ পেতে পারেন।

মার্চ মাসটি মূলত ছুটির আমেজেই কেটেছে। তবে এপ্রিলের এই সম্ভাব্য লম্বা ছুটি পেতে হলে চাকরিজীবীদের কিছুটা কৌশল অবলম্বন করতে হবে। মাত্র দুই দিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই এই সুযোগটি হাতের নাগালে চলে আসবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দুই দিন অর্থাৎ ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) যথারীতি অফিস-আদালত খোলা। তবে কোনো চাকরিজীবী যদি এই দুই দিন ব্যক্তিগত বা পাওনা ছুটি (Casual Leave) ম্যানেজ করতে পারেন, তবে তার সঙ্গে যুক্ত হবে পরের শুক্র ও শনিবারের (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি।

এর ফলে ১৪ এপ্রিল মঙ্গলবার থেকে ১৮ এপ্রিল শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন কর্মব্যস্ততা থেকে দূরে থাকার এক দারুণ সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশাখী উৎসবকে কেন্দ্র করে যারা সপরিবারে গ্রামের বাড়ি যেতে চান বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ছুটির ক্যালেন্ডারটি বেশ সহায়ক হবে। দীর্ঘ ঈদ ছুটির রেশ কাটতে না কাটতেই এমন সুযোগ কাজে লাগিয়ে অনেকেই নতুন করে ভ্রমণের প্রস্তুতি নিতে পারেন।

মানবকণ্ঠ/আরআই