যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশটিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে সম্প্রতি ‘ওর্স্ট অব দ্য ওর্স্ট’ বা ‘খারাপের চেয়ে খারাপ’ বিদেশি অপরাধীদের একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। চাঞ্চল্যকর এই তালিকায় নাম উঠে এসেছে ১০ জন বাংলাদেশির।
মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রকাশিত তথ্যানুযায়ী, গ্রেপ্তার হওয়া এই বাংলাদেশিরা বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত। তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন— কানসাস থেকে গ্রেপ্তার কাজী আবু সাঈদ, যার বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তা ও অবৈধ জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে। নর্থ ক্যারোলিনা থেকে গ্রেপ্তার শাহেদ হাসানের বিরুদ্ধে গোপনে অস্ত্র বহন ও চুরির অভিযোগ আনা হয়েছে।
নিউইয়র্ক থেকে গ্রেপ্তার মোহাম্মদ আহমেদ ও মো. হোসেনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও যৌন অপরাধের অভিযোগ রয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে ভার্জিনিয়া থেকে মাহতাবউদ্দিন আহমেদ ও ইশতিয়াক রাফি এবং টেক্সাস থেকে নেওয়াজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে মিশিগান থেকে আলমগীর চৌধুরী ও অ্যারিজোনা থেকে কণক পারভেজ এবং চুরির অভিযোগে ফ্লোরিডা থেকে শাহরিয়া আবিরকে গ্রেপ্তার করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, জননিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ এমন ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত দেশ থেকে বিতাড়ন প্রক্রিয়া শুরু করা হয়েছে। ডিএইচএসের পক্ষ থেকে বলা হয়েছে, আইসিই সদস্যরা প্রেসিডেন্টের প্রতিশ্রুতি রক্ষায় নিরলস কাজ করছেন এবং গুরুতর অপরাধে জড়িত অবৈধ ব্যক্তিদের দিয়ে এই শুদ্ধি অভিযান শুরু হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments