আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট সংগ্রহের শেষ সুযোগের সময়সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে টিকিট বিক্রির চূড়ান্ত ধাপ। ফুটবলপ্রেমীরা টুর্নামেন্ট চলাকালীন শেষ দিন পর্যন্ত এই ধাপে টিকিট সংগ্রহ করতে পারবেন।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই মেগা আসর নিয়ে ফুটবল বিশ্বে বইছে উন্মাদনার জোয়ার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা প্রকাশ করেছেন, ১০৪টি ম্যাচের এই আসর হবে পুরোপুরি ‘হাউসফুল’। টিকিটের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের টিকিটের চাহিদা যেন গত এক হাজার বছরের বিশ্বকাপের সমতুল্য। ইতিপূর্বে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কয়েক ধাপে দশ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে এবং প্রতিটি ধাপেই টিকিট দ্রুত শেষ হয়ে গেছে।
ফিফা জানিয়েছে, শেষ ধাপের টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে কিছুটা সমালোচনা রয়েছে। গ্রুপ পর্বের সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৪০ ডলার। অন্যদিকে, ফাইনাল ম্যাচের জন্য সর্বোচ্চ ৮,৬৮০ ডলার পর্যন্ত গুণতে হতে পারে দর্শকদের। জার্মান ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্যমতে, উদ্বোধনী ম্যাচের টিকিট শুরু হবে ১৮০ ডলার থেকে এবং সেমিফাইনালের জন্য টিকিটের দাম পড়বে ৯২০ থেকে ১,১২৫ ডলার।
যারা ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন, তারা ১ এপ্রিল থেকে তাদের জন্য বরাদ্দকৃত আসন নম্বর ও অবস্থান দেখতে পারবেন। আগামী ১১ জুন মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্ব আসরের। শেষ ধাপের টিকিট বিক্রির লড়াইয়ে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত শামিল হবেন বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments