ইরান যদি অবিলম্বে বিশ্ববাণিজ্যের জন্য হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘খারগ দ্বীপ’সহ সব প্রধান জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালি দ্রুত ব্যবসার জন্য উন্মুক্ত করা না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে দ্বিধা করবে না। তার এই হুমকির তালিকায় রয়েছে ইরানের প্রধান প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং তেল রপ্তানির মূল কেন্দ্র হিসেবে পরিচিত খারগ দ্বীপ।
ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, বর্তমানে উভয় পক্ষের মধ্যে আলোচনা প্রক্রিয়ায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে এবং প্রণালিটি বন্ধ থাকলে যুক্তরাষ্ট্র চরম সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও ভয়াবহ করে তুলেছে। হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার একটি বিশাল অংশের তেল পরিবহন করা হয়। এই পথে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
বর্তমানে একদিকে যেমন কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে, অন্যদিকে ট্রাম্পের এই সরাসরি সামরিক হুমকি পরিস্থিতিকে এক অনিশ্চিত যুদ্ধের কিনারে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মানবকণ্ঠ/আরআই




Comments