Image description

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ একমাত্র ডোনাল্ড ট্রাম্পই থামাতে পারবেন বলে মন্তব্য করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তবে চলমান এই যুদ্ধের প্রভাব নিয়ে তিনি সতর্ক করে বলেছেন, ‘তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের বেশি হতে পারে এমন আশঙ্কা মোটেও অস্বাভাবিক নয়।’

সোমবার (৩০ মার্চ) মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ইজিপ্ট এনার্জি শো-২০২৬ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলাম-এ অঞ্চলে যুদ্ধ থামাতে আপনিই পারবেন। দয়া করে, এই যুদ্ধ থামাতে সাহায্য করুন। আপনি এটি করতে পারবেন।’

তিনি বলেন, ‘যুদ্ধের ফলে বিশ্ববাজারে পণ্যের সরবরাহ ও মূল্যবৃদ্ধি ইতিমধ্যে শুরু হতে চলছে। বিশেষ করে জ্বালানির উৎপাদন কেন্দ্র বা শোধনাগার লক্ষ্য করে হামলা হলে এর গুরুতর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও এর দামে।

তারই অংশ হিসেবে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারের বেশি হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছে, তেলের এই মূল্যবৃদ্ধি অস্বাভাবিক নয়।’

বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ বলেন, ‘সার রপ্তানিতে বিঘ্ন ঘটলে খাদ্যের দাম ব্যাপক বেড়ে যাবে। ধনী দেশগুলো এই পরিস্থিতি সামাল দিতে পারলেও দুর্বল অর্থনীতির দেশগুলোর ওপর এর গুরুতর প্রভাব পড়বে।’

উল্লেখ্য, জিসিসি দেশগুলো (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন) ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। আর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে তেলের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।