সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেতে যাচ্ছেন। আগামী ৫ এপ্রিল (রোববার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব 'ইস্টার সানডে' উপলক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ৩ দিনের অবকাশ পাচ্ছেন তারা।
এদিকে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সশরীরে ও অনলাইন—এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস পরিচালনার প্রস্তাব আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। যদি মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করে, তবে ৩ দিনের ছুটি শেষে নতুন এই পদ্ধতিতে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ইস্টার সানডে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুড ফ্রাইডেতে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর তৃতীয় দিনে তিনি পুনরায় জীবিত বা পুনরুত্থিত হয়েছিলেন, যা ‘ইস্টার সানডে’ হিসেবে পালিত হয়। দিনটি বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে অত্যন্ত আনন্দের ও পবিত্র।
সরকার বর্তমানে জ্বালানি সাশ্রয়ের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের সময়সূচি বা ধরন পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। বৃহস্পতিবারের বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা পাওয়া যাবে।
মানবকণ্ঠ/আরআই




Comments