Image description

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য সিসিলির গুরুত্বপূর্ণ সিগোনেল্লা বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি। মঙ্গলবার (৩১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এবং ইতালির প্রভাবশালী পত্রিকা ‘কোরিরে ডেলা সেরা’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বোমারু বিমান পূর্ব সিসিলির সিগোনেল্লা ঘাঁটিতে অবতরণ করে সেখান থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনা করেছিল। তবে ইতালি সরকার এই প্রস্তাবে সায় দেয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো অনুমতি চায়নি এবং ইতালির সামরিক নেতৃত্বকে এ বিষয়ে যথাযথভাবে অবহিত করেনি। বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, ইতালিতে মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে এই কূটনৈতিক ও সামরিক প্রক্রিয়াগুলো অনুসরণ করা বাধ্যতামূলক।

ইতালির এই কঠোর সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ রাজনীতির চাপও রয়েছে। দেশটির অতি-বামপন্থি বিরোধী দলগুলো সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যেন ইতালির মাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে না পড়ে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ আসলে তা অনুমোদনের আগে পার্লামেন্টের সম্মতি নেওয়া হবে।

তবে সিগোনেল্লা ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়া প্রসঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। এই ঘটনায় ন্যাটো মিত্রদের মধ্যে সামরিক সমন্বয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

মানবকণ্ঠ/আরআই