জুলাই আন্দোলনের তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে ‘হামলার শিকার’ ৪ নির্মাতা
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) বর্বরোচিত হামলার শিকার হয়েছেন চারজন নির্মাতা। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগমের কক্ষেই এই ঘটনা ঘটে। এতে মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ডিএফপির চিত্রগ্রাহক মো. মশিউর রহমানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র গ্রুপ এই হামলা চালায়। আহতদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অভিযোগ উঠেছে, হামলার পর ঘটনা ধামাচাপা দিতে ওই কক্ষের সিসিটিভি ফুটেজও মুছে ফেলা হয়েছে।
রমনা থানায় দায়ের করা লিখিত অভিযোগে মুশফিকুর রহমান জোহান উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলনবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের কাজ শেষ করে জমা দিলেও তাদের পাওনা বিল পরিশোধ করা হচ্ছিল না। সোমবার আলোচনার জন্য তাদের ডাকা হলেও দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়। পরে মহাপরিচালকের উপস্থিতিতেই মো. মশিউর রহমান তাদের বিল না দিতে চাপ সৃষ্টি করেন এবং কক্ষ থেকে বেরিয়ে যেতে হুমকি দেন। একপর্যায়ে বাইরে থেকে লোক এনে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
পুলিশের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ডিএফপিতে নির্মাতাদের ওপর এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছেন বিক্ষুব্ধ নির্মাতারা।
মানবকণ্ঠ/আরআই




Comments