গ্ল্যামার নায়িকার খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিয়ারা আদভানি। চাইছেন অভিনয়ে প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে তুলে ধরার। অথচ অভিনয় ক্যারিয়ারের শুরুতে এ ধরনের চিন্তাভাবনা একেবারেই ছিল না এই বলিউড তারকার। হঠাৎ কীভাবে এতটা বদলে গেলেন? এই প্রশ্নই এখন নেটিজেনদের অনেকের মুখে। আর সেসব অনুরাগীদের জন্য কিয়ারা খোলাসা করেছেন তাঁর চিন্তাভাবনা বদলে যাওয়ার কারণ।
আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এ বছর কিয়ারা প্রতীক্ষিত সিনেমাগুলোর অন্যতম একটি হলো ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’। এরই মধ্যে এই সিনেমার ঝলক সাড়া ফেলেছে দর্শকের মাঝে। যেখানে দেখা গেছে, অভিনেতা যশের কোলে বসে রয়েছেন কিয়ারা। অভিনেতার হাতে চুরুট। অন্যদিকে কিয়ারার চোখেমুখে নেই অতীতের সেই কমনীয়তার ছাপ। এ যেন অন্য এক কিয়ারা। অনেকে যখন এ নিয়ে কথা বলা শুরু করেছেন, তখন কিয়ারা আর কোনো কিছু গোপন রাখেননি। জানিয়েছেন, এমন কিছু চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। বেরিয়ে আসতে চাইছেন পুরোনো সেই গ্ল্যামার নায়িকার ইমেজ থেকে।
বলেছেন, ‘আমি আগের সেই মানুষটি নেই। মাতৃত্ব আমাকে পুরোপুরি বদলে দিয়েছে। মনে হচ্ছে, মা হওয়ার পরে যেন বাঘিনী হয়ে উঠেছি। এই পৃথিবীর কোনো কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। কখনও আবার সবকিছু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
তাঁর কথায়, এই যে ভাবনার বদল, তা থেকে অভিনেত্রী হিসেবে নতুনভাবে পথচলার শুরু। আগামীতেও এই ভাবনা নিয়ে কাজ করতে চান। আর অভিনয়ে ঠিক কোন ধরনের কাজকে প্রাধান্য দিতে চান, তার একটি উদাহরণ হতে পারে ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ সিনেমাটি।




Comments