অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (১ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ‘ভুল ও বিভ্রান্তিকর’ ব্যাখ্যা।
ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন ধরে তিনি দেশটিতে অবস্থান করছেন। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করাকে তিনি সম্পূর্ণ ‘অসত্য’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। তাই বিষয়টি সহজেই যাচাইযোগ্য।’
সফর নিয়ে প্রতিবন্ধকতা তৈরির নেপথ্যে নির্দিষ্ট একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেন তিনি। আজহারী লিখেন, ‘কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে— পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল।’
নিজের আদর্শ ও দর্শনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তিনি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তার বহু আলোচনাতেই এই বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়।
জনপ্রিয় এই বক্তার সফর ঘিরে এমন পরিস্থিতিতে তার অনুসারীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments