Image description

জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে পর্যায়ক্রমে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। বুধবার (১ এপ্রিল) নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের সরকার ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।’

পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, চলতি বর্ষা মৌসুমে সারা দেশে বিভিন্ন প্রজাতির দেড় কোটি চারা রোপণ করা হবে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এই কার্ডগুলোর মাধ্যমে সরাসরি সহায়তা প্রদান করায় মূল্যস্ফীতির কোনো শঙ্কা নেই। বরং এটি প্রান্তিক অর্থনীতিকে আরও সচল করবে।’ 

তিনি আগামী ৪ বছরের মধ্যে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেন, যার মধ্যে আগামী ৩ মাসেই আরও ৩০ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হবে।

উল্লেখ্য, সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এখন থেকে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব বরাদ্দ রাখা হয়েছে। বুধবারের অধিবেশনে স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী বিভিন্ন জাতীয় ও জনগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন।

মানবকণ্ঠ/আরআই