Image description

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও জনগণের প্রত্যাশা ও স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

গণভোট ও জুলাই সনদ নিয়ে সংসদে আয়োজিত আলোচনার শুরুতে ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সরকার গঠিত হয়েছে এবং ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজ আমাদের বলতে হচ্ছে, স্বাধীনতার যে পূর্ণ আকাঙ্ক্ষা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।’

বক্তব্য চলাকালে স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা। আমিও একটি ক্ষুদ্র শহীদ পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য আমার হয়েছে।’

শহীদ পরিবারের সদস্য হিসেবে নিজের পরিচয় তুলে ধরে বিরোধীদলীয় নেতা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনগণের প্রকৃত মুক্তি ও আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার এই বক্তব্য সংসদ অধিবেশনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে।

মানবকণ্ঠ/আরআই