সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত সিমরিন লুবাবা জানিয়েছেন, তার বিয়ে সম্পন্ন হয়নি, কেবল ঘরোয়া পরিবেশে বাগদান (এনগেজমেন্ট) সম্পন্ন হয়েছে। বুধবার (১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন তিনি। মূলত বাল্যবিবাহ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখেই এই ব্যাখ্যা দিলেন লুবাবা।
ফেসবুক পোস্টে লুবাবা লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’ বিয়ের বিষয়ে তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’

এর আগে লুবাবা তার আরেকটি পোস্টে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ সেই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। ভক্তরা তাকে শুভেচ্ছা জানালেও অনেকেই লুবাবার বয়স নিয়ে প্রশ্ন তোলেন এবং ‘বাল্যবিবাহ’ হচ্ছে কি না, তা নিয়ে সমালোচনা শুরু করেন।
বর্তমান আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। লুবাবা তার পোস্টে সেই আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সমালোচকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে, এখনই তার আনুষ্ঠানিক বিয়ে হচ্ছে না। কেবল পারিবারিক সম্মতিতে বাগদান সেরে রাখা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments