Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি। তিনি বলেছেন, বারবার বাজতে থাকা ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন আর ভূগর্ভস্থ অন্ধকার আশ্রয়কেন্দ্রের আতঙ্কই হলো ছুটির সময়ে ইসরায়েলিদের জন্য নেতানিয়াহুর দেওয়া ‘উপহার’।

বুধবার (১ এপ্রিল) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে মুসাভি এই মন্তব্য করেন। তিনি অধিকৃত ভূখণ্ডে বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র হামলার সময় সংকীর্ণ ও অন্ধকার আশ্রয়কেন্দ্রে মানুষের যে ভীতি কাজ করছে, তা মূলত নেতানিয়াহুর অদূরদর্শী নীতিরই প্রতিফলন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে সংঘাত চরমে পৌঁছায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা শুরু করে, যার ফলে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।

এরই জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণ হিসেবে অধিকৃত ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। জেনারেল মুসাভির এই মন্তব্য মূলত সেই উত্তেজনাকর পরিস্থিতিরই একটি রাজনৈতিক বার্তা।

সূত্র: তাসনিম নিউজ।

মানবকণ্ঠ/আরআই