বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ইয়াসির ফয়সাল সংবাদমাধ্যমকে বলেন, "হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদ থেকে ইস্তফা দিয়েছি। আজ সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছি। ব্যক্তিগত কারণেই মূলত বোর্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"
বিসিবি সূত্রে জানা গেছে, ইয়াসির ফয়সাল সর্বশেষ নির্বাচনে এনএসসির মনোনয়নে পরিচালক হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তাঁর এই আকস্মিক পদত্যাগের মধ্য দিয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদে পরিচালকদের পদত্যাগের মিছিল আরও দীর্ঘ হলো। এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন নামে আরও দুই পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন।
টানা কয়েকজন পরিচালকের বিদায়ের ফলে বিসিবির অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে গুরুত্বপূর্ণ পরিচালকদের পদত্যাগ, অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগসহ (ডিপিএল) ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটারদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সার্বিক পরিস্থিতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিছুটা চাপের মুখে পড়েছেন বলে ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে।
এমন উদ্ভূত পরিস্থিতিতে বোর্ডের সংকট মোকাবিলা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আগামী শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে জরুরি পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। সভায় সভাপতি সশরীরে উপস্থিত থাকবেন এবং ঢাকার বাইরে থাকা পরিচালকরা অনলাইনে যুক্ত হবেন।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ২৩ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে ইয়াসির ফয়সালসহ আরও দুইজন যুক্ত হন। নির্বাচনের পর থেকেই এনএসসির কোটা ও বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নানা বিতর্ক চলে আসছিল। ইয়াসির ফয়সালের পদত্যাগের মাধ্যমে সেই অস্থিরতা এখন আরও প্রকাশ্য রূপ নিলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments