অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং ২০টি অধ্যাদেশ পুরোপুরি বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে।
বাতিলের সুপারিশ করা ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ বর্তমানে বিলুপ্ত হলেও পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সেগুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাকি ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করেছে কমিটি।
এদিকে, প্রতিবেদনটি উপস্থাপিত হলেও ২০টি নির্দিষ্ট অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধীদলীয় সদস্যরা দ্বিমত পোষণ করে 'নোট অব ডিসেন্ট' বা আপত্তি প্রদান করেছেন। এর মধ্যে অপরিবর্তিত রাখার তালিকায় থাকা ৪টি, সংশোধনের তালিকায় থাকা ২টি, পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি এবং স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ নিয়ে বিরোধীদের আপত্তি রয়েছে।
সংসদীয় কমিটির এই প্রতিবেদনটি এখন হাউসে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী ও নিয়মতান্ত্রিক রূপ দিতেই এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments