Image description

ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির প্রস্তাব মেনে নেয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের আকাশে একটি ‘ডুমসডে প্লেন’ বা প্রলয়ংকরী বিমান চক্কর দিতে দেখা গেছে।

স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) নেব্রাস্কার একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির ওপর আমেরিকার এ বিশেষ বিমানকে চক্কর দিতে দেখা যায়।
 
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বোয়িং ই-৪বি নাইটওয়াচ বিমানটি মূলত পারমাণবিক যুদ্ধের সময়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সুরক্ষা দিতে এবং সরকারের কার্যক্রম সচল রাখার জন্য তৈরি করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে দেখা গেছে, এটি যুক্তরাষ্ট্রের অফুট এয়ার ফোর্স বেসের ওপর উড়ছিল। এই ঘাঁটিতেই মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের সদর দফতর অবস্থিত।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে (ইএসটি) অফুট থেকে উড্ডয়ন করে এবং ঘাঁটিতে ফিরে অবতরণের আগে এলাকাটির চারপাশে অন্তত ছয়বার চক্কর দেয়।
 
ব্যাপক উত্তেজনার সময় ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে বিমানটির গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার সময় ১২ দিনের যুদ্ধ অভিযানে যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে যোগ দেয়ার মাত্র কয়েক দিন আগে এর একটি ফ্লাইট সবার দৃষ্টি আকর্ষণ করেছিল।
 
যুক্তরাষ্ট্রের চারটি ই-৪বি বিমানের একটি বহর রয়েছে, সামরিক প্রস্তুতি বজায় রাখতে নিয়মিত উড্ডয়ন করে এ বিমানগুলো।
 
এদিকে হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ইরানকে দেয়া আলটিমেটামের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশটিকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’