Image description

দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। বুধবার (৮ এপ্রিল) আবহাওয়া দপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বুধবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বৃহস্পতিবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমে আসবে; মূলত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেশের অন্য এলাকাগুলো প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী রবিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মানবকণ্ঠ/আরআই