আগামী তিন দিন সারা দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত বা ধীরগতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিসিএল)। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কারণে এই সমস্যা হতে পারে।
বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টায়। এই কাজ চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ টানা ৩ দিন ৮ ঘণ্টা মেরামতকাজ চলবে।
বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম জানান, মেরামত চলাকালে সারা দেশে ইন্টারনেটের গতি কিছুটা কমে যেতে পারে। তবে কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে স্বাভাবিক সেবা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।
মানবকণ্ঠ/আরআই




Comments