Image description

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (৮ এপ্রিল) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ২৪০টি অনুমোদনহীন ও অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাস মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক কমিটির সঙ্গে এক সমন্বয় সভায় এই উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে আজ সকাল থেকে চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সায়েদাবাদের পাশাপাশি এদিন রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। মগবাজার মোড় থেকে কাকরাইল, মৎস্য ভবন ও আব্দুল গনি রোড এবং বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শিক্ষা ভবন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকায় অবৈধ বাস কাউন্টারের কারণে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছিল। জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/আরআই