ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামীকাল (৯ এপ্রিল) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (৮ এপ্রিল) এই নির্বাচনের বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বগুড়া-৬ আসনের উপনির্বাচন : এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন।
এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।
শেরপুর-৩ আসনের নির্বাচন : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।
এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।




Comments