আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয় করতে ওয়ানডে সিরিজের দিবারাত্রির ম্যাচগুলো এখন দিনের আলোতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ এখন থেকে বেলা ১১টায় শুরু হবে। ওয়ানডের পর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজের সময়ও পরিবর্তন করা হয়েছে। টি-টোয়েন্টির ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা থেকে।
এর আগে বুধবার বিসিবির অ্যাডহক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সময় পরিবর্তনের এই আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছিলেন, দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির কথা বিবেচনা করে কৃত্রিম আলোর ব্যবহার কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিসিবি সভাপতি বলেন, "বিদ্যুৎ সাশ্রয় করতে আমরা নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টা বা সাড়ে ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা আড়াইটায় আয়োজনের পরিকল্পনা ছিল, যা এখন চূড়ান্ত করা হয়েছে।"
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতে হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্তের ফলে পুরো সিরিজটিই এখন দিনের আলোতে অনুষ্ঠিত হবে। এই পরিবর্তনের ফলে দর্শকরা ভিন্ন এক আমেজে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন বলে আশা করছে বোর্ড।
মানবকণ্ঠ/ডিআর




Comments