Image description

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় জয়ের পথে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বুধবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন অফিস ও কেন্দ্রভিত্তিক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ) পেয়েছেন ৭৫ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল ঘোষণা করা হতে থাকে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, পোস্টাল ব্যালট ছাড়া এই আসনে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর নজরদারিতে দিনভর ভোটগ্রহণ চলেছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। চূড়ান্ত ফলাফলের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে সাধারণ ভোটার ও সমর্থকদের। তবে ৯০ কেন্দ্রের ফলাফলে ধানের শীষের বড় ব্যবধানে এগিয়ে থাকায় বিএনপিকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর