অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’ অবশেষে জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’-এর গেজেট প্রকাশ করা হয়েছিল। সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এখন তা স্থায়ী আইনে পরিণত হলো।
পাস হওয়া এই আইনের আওতায় ঢাকা মহানগরের ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
আইনের বিষয়বস্তুতে বলা হয়েছে, এই সাতটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে মানসম্মত পাঠ্যক্রম নিশ্চিত করা, শিক্ষকতা ও সনদায়নসহ সার্বিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গতিশীলতা আনতেই এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আইনটি প্রণয়ন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের সেশনজট নিরসন এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে বলে আশা করছে সরকার।
বিলে আরও উল্লেখ করা হয়, রাজধানীর এই বৃহৎ সাতটি কলেজের বিশাল শিক্ষার্থী গোষ্ঠীর শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় তদারকি ও নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাজ করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments