দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা সাম্প্রতিক উপ-নির্বাচন আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ওই দুই আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা এই প্রহসনের নির্বাচন বর্জন করছি এবং অবিলম্বে এই দুই আসনে নতুন করে তফশিল ঘোষণা করে পুনঃনির্বাচনের আহ্বান জানাচ্ছি।’
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ নির্বাচন হয়েছে। এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। বর্তমান সরকার ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। গণভোটের রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এ জাতির মুক্তি সম্ভব নয়।’
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ। বক্তারা নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানবকণ্ঠ/ডিআর




Comments