দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। জাতীয় দলের ব্যস্ততা শুরু হওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মিশন শেষ করে একে একে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এবারের পিএসএলে অংশ নেওয়া ছয় টাইগার ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনরা ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন।
এবারের আসরে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান ও তরুণ পেসার নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে মোস্তাফিজ ৫ ইনিংসে ৬ উইকেট শিকার করেন, যেখানে তার ইকোনমি ছিল ৭.১৭। অন্যদিকে, পেশোয়ার জালমির হয়ে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। মাত্র ৩ ম্যাচে ৫.২০ ইকোনমিতে তিনি নিয়েছেন ৫ উইকেট। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার কীর্তিটি ছিল চোখে পড়ার মতো।
তবে সবার অভিজ্ঞতা একরকম ছিল না। ওপেনার তানজিদ হাসান তামিম পুরো টুর্নামেন্টে বেঞ্চে বসে কাটিয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন। অন্যদিকে, পারভেজ হোসেন ইমন ৩ ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে ৭১ রান করলেও ফিল্ডিংয়ের সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। শরীফুল ইসলাম ৪ ম্যাচে ২ উইকেট এবং রিশাদ হোসেন ৪ ম্যাচে ২ উইকেট পেলেও তাদের ইকোনমি রেট কিছুটা চড়া ছিল।
বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) অনুযায়ী, রিশাদ, শরীফুল, রানা ও তামিমের সময়সীমা ছিল ১২ এপ্রিল পর্যন্ত। মোস্তাফিজের এনওসি দেওয়া হয়েছে দুই ধাপে; নিউজিল্যান্ড সিরিজের পর মে মাসে তিনি আবারও পিএসএলে যোগ দেওয়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
মানবকণ্ঠ/আরআই




Comments