দেশের বর্তমান পরিস্থিতিতে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহিদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নাহিদ ইসলাম তার বক্তব্যে আবারও রাজপথের আন্দোলনের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, “এটি কোনো নির্দিষ্ট দল বা জোটের লড়াই নয়; এটি আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেটিই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
বর্তমান সরকারের কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে অনেক বড় বড় কথা বলা হলেও বাস্তব কাজে অনেক ক্ষেত্রেই অনীহা দেখা যাচ্ছে। যদিও জুলাই অধিদপ্তর ও শহিদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করছে, তবে সামগ্রিক গতি আরও বাড়ানো প্রয়োজন।” তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের অংশীদারদের পাশে সবসময় প্রত্যাশিতভাবে দাঁড়ানো সম্ভব হয়নি, তবে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন।
শহিদ পরিবার ও আহতদের আশ্বস্ত করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আগের আন্দোলনে আপনারা স্বজন হারিয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এবার যদি আবারও সেই পরিস্থিতি তৈরি হয়, তবে আপনাদের আর সামনে যেতে হবে না। নেতৃত্বে থাকা ব্যক্তিরাই এবার সামনে থেকে সব বাধা মোকাবিলা করবে। গুলি এলে আগে আমাদের বুকে লাগবে, আপনারা শুধু পাশে থেকে দোয়া করবেন।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশি বা বিদেশি যে কোনো শক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ালে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। নতুন বাংলাদেশ গঠন ও কাঙ্ক্ষিত সংস্কার অর্জনই তাদের চূড়ান্ত লক্ষ্য।
মানবকণ্ঠ/আরআই




Comments