জার্মান বুন্দেসলিগার ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার (১১ এপ্রিল) সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের জয়ে ভেঙে দিয়েছে ৫৪ বছরের পুরনো এক ঐতিহাসিক রেকর্ড।
১৯৭১-৭২ মৌসুমে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও উলি হোয়েনেসদের নিয়ে গড়া বায়ার্ন এক মৌসুমে ১০১ গোল করে যে রেকর্ড গড়েছিল, সেটিই এবার ভেঙে দিল বর্তমান দল। কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে খেলতে থাকা বায়ার্ন পাঁচ ম্যাচ হাতে রেখেই গোলসংখ্যা নিয়ে গেছে ১০৫-এ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বায়ার্ন। নবম মিনিটে জামাল মুসিয়ালার দারুণ হেডে এগিয়ে যায় দলটি। এই গোলেই ছোঁয়া হয় ১৯৭১-৭২ মৌসুমের ১০১ গোলের রেকর্ড। এরপর ৫৩ মিনিটে লিওন গোরেৎস্কা গোল করলে তৈরি হয় নতুন ইতিহাস। ১০২ গোলের মাইলফলক স্পর্শ করে বায়ার্ন।
রেকর্ড গড়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন খেলোয়াড় ও কোচিং স্টাফরা। সাইডলাইনে দাঁড়িয়ে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা যায় গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকেও। এরপর গোলের ধারা অব্যাহত রাখেন মাইকেল অলিস।
তার গোলেই ব্যবধান হয় ৩-০। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা অলিস শুধু গোলই করছেন না, সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন নিয়মিত। এতে করে এক মৌসুমে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্টের টমাস মুলারর রেকর্ডের কাছাকাছি চলে এসেছেন তিনি।
ম্যাচের বাকি দুটি গোল করেন নিকোলাস জ্যাকসন ও রাফায়েল গেরেইরো। এই জয়ে ২৯ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে বাভারিয়ানরা।
তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ড ১২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।




Comments