Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশকে বর্তমান ভয়াবহ দুর্যোগের মুখে ঠেলে দিয়েছে বিএনপি। এই সংকটের জন্য দলটিকে দায়ভার গ্রহণ করতে হবে এবং এর কঠিন পরিণতি ভোগ করতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের মূল বিষয় ছিল ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’।

নাহিদ ইসলাম তার বক্তব্যে দেশের চলমান স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “গতকাল হামের প্রাদুর্ভাবে ১০ জন শিশু মারা গেছে। সারা দেশে চিকিৎসার জন্য সাধারণ মানুষ আইসিইউ পাচ্ছে না, হাহাকার চলছে। জ্বালানি তেলের তীব্র সংকটের কথা সবার জানা। গত ১৬ বছর ধরে আমরা যে রাষ্ট্র সংস্কারের লড়াই করেছি এবং গত দেড় বছর অন্তর্বর্তী সরকারের সময় যা নিয়ে আলোচনা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের সেই একই বিষয় নিয়ে আবারও কথা বলতে হচ্ছে এবং আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে।”

বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। কিন্তু আমরা দেখছি, গণভোটের রায়কে অস্বীকার করে বিএনপি একটি কৃত্রিম সংকট তৈরি করছে। তারা মুখে ‘জুলাই সনদ’ পালনের কথা বললেও যে ‘জুলাই আদেশের’ ভিত্তিতে গণভোট হয়েছিল, তাকেই তারা অবৈধ বলছে।”

নাহিদ ইসলাম আরও যোগ করেন, জাতিকে এই দুর্যোগে টেনে আনার পরিণতি বিএনপির জন্য সহজ হবে না। তাদের এই কর্মের দায়ভার নিতেই হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেমিনারে দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট উত্তরণে বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানবকণ্ঠ/আরআই