বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল গায়েব করার অভিযোগে ইমরান হোসেন নামে এক অফিস সহায়ককে আটক করেছে পুলিশ। রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল নথি সরিয়ে রেখে সরকারের বিপক্ষে আদালতের আদেশ পাইয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে।
আটক ইমরান হোসেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে শাহবাগ থানায় নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কে এম রেজাউল করিম জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইমরান হোসেনকে আটক করা হয়েছে এবং মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৪৩৫২/২০২৬ নম্বর রিট পিটিশনটি গত ১৩ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা হয়। বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের একটি বেঞ্চের দৈনিক কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য নির্ধারিত ছিল। নিয়ম অনুযায়ী ইমরান হোসেনের ফাইলটি যথাসময়ে সংশ্লিষ্ট সরকারি আইনজীবীর কাছে পৌঁছে দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি।
নথি না থাকায় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) খন্দকার বাহার রুমি সরকারের পক্ষে কোনো বক্তব্য দিতে পারেননি। ফলে শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের বিপক্ষে আদেশ দেন। চাঞ্চল্যকর বিষয় হলো, আদালতের আদেশের পর আজ ১৬ এপ্রিল নিখোঁজ সেই ফাইলটি নিয়ে ইমরান হোসেন কার্যালয়ে হাজির হন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের করা অভিযোগে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হচ্ছে যে— ইমরান হোসেন কোনো বিশেষ প্রলোভনে পড়ে অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো সংঘবদ্ধ চক্রের হয়ে এই কাজ করেছেন। এটি ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী গুরুতর অসদাচরণ। এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত করতে পুলিশের নিবিড় তদন্ত প্রয়োজন। আটক ব্যক্তিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments