Image description

ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা খোলা থাকলে আওয়ামী লীগকে কেন পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগকেও তাহলে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’

রোববার (১৯ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান এসব মন্তব্য করেন।

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ‘অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির কিংবা ছাত্রলীগ করল কি না—সেটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির আদর্শ ধারণ করে সংগঠনটির কর্মী হিসেবে কাজ করবেন।’

নাহিদ ইসলামের এই বক্তব্যের কড়া সমালোচনা করে রাশেদ খান তার পোস্টে বলেন, ‘যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন ‘রিফাইনড আওয়ামী লীগ’ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’

ব্যঙ্গাত্মক সুরে তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগের কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, আবার কেউ রিফাইনড আওয়ামী লীগ হিসেবে। আশা করি, এটাতে এমপি হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।’

রাশেদ খানের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপিতে সাবেক ছাত্রলীগ নেতাদের যোগদানের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।

মানবকণ্ঠ/আরআই