ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের সুযোগ দেওয়া নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। আওয়ামী লীগ ও ছাত্রলীগ কি এখন এনসিপির দয়ায় রাজনীতি করবে—এমন প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, “অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির কিংবা ছাত্রলীগ করল কি না—সেটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যারা এনসিপিতে আসবেন, তারা সংগঠনের আদর্শ ধারণ করেই কাজ করবেন।”
নাহিদ ইসলামের এই মন্তব্যের প্রেক্ষিতে নিজের ফেসবুক পেজ ‘আউট স্পোকেন আনিস আলমগীর’-এ একটি পোস্ট দেন তিনি। সেখানে আনিস আলমগীর বলেন, “তাদের (এনসিপি) দাবিতে একসময় ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হলো—ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগও নিষিদ্ধ। বাহ, একেবারে ইতিহাস গড়া শুদ্ধি অভিযান!”
তিনি ব্যঙ্গ করে আরও বলেন, “গল্প এখানেই শেষ নয়... এখন ইনাদের নতুন ঘোষণা—ছাত্রলীগ থেকে কেউ আসতে পারবে যদি অভিযুক্ত না হয়! মানে আগে দরজা বন্ধ, তারপর আবার একটু ফাঁক করে বলা—ভাই, ক্লিন থাকলে ঢুকে পড়েন! এই রাজনীতির নতুন ফর্মুলা দেখে মনে হচ্ছে, নিষিদ্ধ আর আমন্ত্রণ—দুটোই একই প্যাকেজে চলছে।”
নাহিদ ইসলামদের উদ্দেশ্য করে আনিস আলমগীর বলেন, “আওয়ামী লীগ-ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে? তাদের মনে রাখা উচিত, যে রাজনীতি নিজের প্রতিপক্ষকে নিষিদ্ধ করে, সে আসলে নিজের দুর্বলতাকেই বৈধতা দেয়।”
এনসিপিতে ভিন্ন মতাদর্শের ছাত্র সংগঠনের নেতাদের যোগদানের বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments