Image description

বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়া বাড়ানোর জোর দাবি তুলেছে পরিবহন মালিকরা। দূরপাল্লার বাসের ক্ষেত্রে বর্তমান কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রোববার (১৯ এপ্রিল) সমিতির পক্ষ থেকে সরকারের কাছে এই প্রস্তাবনা জমা দেওয়া হয়। মালিকদের দাবি, জ্বালানির দাম বাড়ার ফলে বর্তমান ভাড়ায় বাস চালানো সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা আশা করেছিলাম সরকার তেলের দাম বৃদ্ধির গেজেটেই ভাড়া কত বাড়বে তা উল্লেখ করে দেবে। কিন্তু সেটি করা হয়নি। বর্তমানে মালিকরা বেশি দামে তেল কিনে আগের কম ভাড়ায় যাত্রী পরিবহন করছেন। এভাবে লোকসান দিয়ে ব্যবসা চালানো সম্ভব নয়। তাই আমরা দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।’

সাইফুল আলম আরও জানান, কেবল জ্বালানি তেল নয়, বাস চলাচলের প্রতিটি খাতেই খরচ কয়েকগুণ বেড়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ২০২২ সালে একটি বাসের চেসিসের দাম ছিল ২৪ লাখ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ টাকায়। ১১ লাখ টাকার বডি তৈরির খরচ এখন ২০ লাখ টাকা। অর্থাৎ একটি নতুন বাস নামাতে এখন ২০-২১ লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। এর ওপর ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হওয়ায় কিস্তির চাপে দিশেহারা মালিকরা।

মালিক সমিতির তথ্যমতে, ২০২২ সালে ভাড়া সমন্বয়ের সময় তারা কিলোমিটারপ্রতি ২ টাকা ৮০ পয়সা প্রস্তাব করলেও সরকার ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করেছিল। এরপর দীর্ঘ সময় খরচ বাড়লেও ভাড়া আর বাড়েনি। পরিবহন নেতাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ভাড়া অন্তত কিলোমিটারপ্রতি সাড়ে ৩ টাকা থেকে ৪ টাকার ঘরে না নিলে পরিবহন খাত অচল হয়ে পড়বে।

মানবকণ্ঠ/আরআই