একদিনের সরকারি সফরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। এই সফরে প্রধানমন্ত্রী বিচার বিভাগে যুগান্তকারী পরিবর্তন আনতে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সড়কপথে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউজে স্বল্পকালীন যাত্রাবিরতি করবেন। এরপর তিনি সরাসরি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন করবেন। এরপর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের যাত্রা শুরু করবেন। বগুড়া থেকে শুরু হওয়া এই ডিজিটাল জামিন প্রক্রিয়া পর্যায়ক্রমে সারা দেশের আদালতগুলোতে চালু করা হবে।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে প্রচলিত সনাতন পদ্ধতিতে জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এছাড়া জামিন জালিয়াতি ও দালাল চক্রের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হন। ‘ই-বেইল বন্ড’ চালু হলে সরাসরি অনলাইন প্রক্রিয়ায় জামিননামা যাচাই ও কার্যকর হবে, যা বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করবে।
বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন জানান, ডিজিটাল পদ্ধতিতে জামিননামা কার্যকর হওয়ার ফলে বন্দিদের স্বজনদের ভোগান্তি কমবে এবং কোনো ধরনের জালিয়াতির সুযোগ থাকবে না।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ বলেন, “প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। মাত্র ৩০ মিনিটের মূল অনুষ্ঠান হলেও এটি বিচার বিভাগের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।”
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়াবাসীর প্রত্যাশা অনেক। বিশেষ করে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা, ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচিসহ নানা উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসতে পারে বলে আশা করছেন স্থানীয়রা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments