বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সরাসরি উপস্থিতির পরিবর্তে ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমে পরিচালিত হবে।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার হাইকোর্টের বেঞ্চগুলো ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত ‘প্রাকটিস ডাইরেকশন’ অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সপ্তাহে এই দুই দিন ভিডিও কনফারেন্সিং বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে মামলা শুনানি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, করোনা মহামারীর সময় বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রথমবার দেশে ভার্চুয়াল আদালত চালু করা হয়েছিল। এবার মূলত অর্থনৈতিক ব্যয় সংকোচন এবং রাষ্ট্রীয় সম্পদ সাশ্রয়ের মহান উদ্দেশ্যে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হলো।
মানবকণ্ঠ/আরআই




Comments