Image description

নরসিংদীর রায়পুরায় মব সৃষ্টি করে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নুর সাখাওয়াত হোসেন মিয়ার ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালে এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ নুর সাখাওয়াত হোসেন জানান, সকালে কলেজে গিয়ে তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় স্থানীয় আমজাদ হোসেন, জলিল, আতিক ও জুয়েলের নেতৃত্বে একদল ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে।

পরে তারা অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে গালাগাল করে এবং এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এমনকি তাকে টেনেহিঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

অধ্যক্ষ আরো দাবি করেন, পূর্বে তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে অপসারণ করা হলেও তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় তিনি পুনরায় স্বপদে বহাল হন।

তার অভিযোগ, চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আদিয়াবাদ এলাকার আমজাদ হোসেন, জলিল, আতিক ও জুয়েল এ হামলা চালিয়েছেন।
তিনি বলেন, ‘৫ আগস্টের আগে অভিযুক্তরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে চলাফেরা করলেও বর্তমানে স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয়।’

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অধ্যক্ষ।

এদিকে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা জানান, ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।