Image description

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মূলত নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের কারণে শেষ মুহূর্তে তাঁর এই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নিজেই ভ্যান্সের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্পের মতে, পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির শঙ্কা থাকার কারণেই তিনি জেডি ভ্যান্সকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে পাঠাচ্ছেন না।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় জেডি ভ্যান্সই মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তবে আলোচনার ঠিক আগের মুহূর্তে তাঁর এই সফর বাতিলের ঘোষণা এল।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি এই সফরে যাচ্ছেন না।’ জেডি ভ্যান্স না গেলেও মার্কিন প্রতিনিধিদলের অন্য সদস্যরা নির্ধারিত আলোচনায় অংশ নিতে সোমবার সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পাকিস্তান ও মিসর মধ্যস্থতা করছে। এই আলোচনার ওপর বৈশ্বিক জ্বালানি বাজার ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নির্ভর করছে।

মানবকণ্ঠ/আরআই