ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের তালিকায় শোবিজ অঙ্গনের কোনো তারকাকে জায়গা দেয়নি বিএনপি। সোমবার (২০ এপ্রিল) চূড়ান্ত হওয়া ৩৬ জনের সেই তালিকায় বিনোদন জগতের কোনো পরিচিত মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে খোঁচা দেন জয়। তিনি মনে করেন, বিনোদন অঙ্গনের তারকাদের রাজনীতির মাঠে জায়গা দেওয়ার বিষয়টি বিএনপি ইতিবাচকভাবে দেখেনি।
ফেসবুক পোস্টে জয় লেখেন, ‘নারী শিল্পীদের সংসদ সদস্য হওয়ার বাসনাকে বিএনপি সমর্থন করেনি। তারা বুঝিয়ে দিয়েছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।’
জয়ের এই মন্তব্য মুহূর্তেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। নেটিজেনদের কেউ কেউ জয়ের এই রূপক মন্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও, অনেকে বিনোদন জগতের নারীদের নিয়ে এমন মন্তব্যকে অবমাননাকর বলে মনে করছেন।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের জন্য সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের সক্রিয় উপস্থিতি থাকলেও বিএনপির মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত দলের দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেত্রীদের ওপরই আস্থা রেখেছে। তারকাদের বাদ পড়ার এই বিষয়টিকেই মূলত নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে কটাক্ষ করলেন শাহরিয়ার নাজিম জয়।
মানবকণ্ঠ/আরআই




Comments