Image description

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে মোট ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এই নামগুলো প্রকাশ করেন। একক প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় রোকেয়া বেগমের সংসদে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি পড়ুয়া ছাত্র জাবির ইব্রাহিম পুলিশের গুলিতে প্রাণ হারায়। মাত্র ছয় বছর বয়সী এই শিশুটি তার বাবা কবির হোসাইনের সঙ্গে বিজয় মিছিলে অংশ নিয়েছিল। শেখ হাসিনার সরকারের পতনের পর মিছিলটি যখন উত্তরার পূর্ব থানার সামনে দিয়ে যাচ্ছিল, তখন পুলিশের ছোঁড়া গুলি জাবিরের উরুতে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রক্ত মেলাতে দেরি হওয়ায় সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করে সে।

শহীদ জাবিরের মা রোকেয়া বেগম পেশায় একজন গৃহিনী এবং তার স্বামী একটি বেসরকারি মোবাইল রিটেইলার প্রতিষ্ঠানে কর্মরত। সন্তানদের নিয়ে ৫ আগস্টের ঐতিহাসিক লংমার্চে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রোকেয়া বেগম নিজেই।

সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট সর্বমোট ১৩টি আসন পেতে যাচ্ছে। আনুপাতিক হারে জামায়াতের একারই ১২টি আসন পাওয়ার কথা থাকলেও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে তারা শরিক দলগুলোকে তিনটি আসন ছেড়ে দিয়েছে। জোটের শরিক ন্যাশনাল সিভিল পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাগপাকে একটি করে আসন দেওয়া হয়েছে।