Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ১ কোটি টাকা ঘুষ দাবির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। অভিযোগের সপক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ এবং ফাঁস হওয়া অডিও রেকর্ড হাতে পেয়েছে এ লক্ষ্যে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মঙ্গলবার (২১ এপ্রিল) তদন্ত কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগ অনুযায়ী, চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জুলাই হত্যাযজ্ঞের মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার বিনিময়ে তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেন সাইমুম রেজা। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে এই বিশাল অঙ্কের অর্থ দাবি করা হয়। এই অভিযোগ ওঠার পর গত ১০ মার্চ সাইমুম রেজা পদত্যাগ করেন এবং একই দিনে আইন মন্ত্রণালয় তাঁকে প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি দেয়। ২০২৪ সালের ৭ অক্টোবর তাঁকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সাইমুম রেজার পদত্যাগের পরপরই ঘুষের দরকষাকষি সংক্রান্ত দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে সাইমুম রেজাকে জনৈক আইনজীবীর সঙ্গে কিস্তিতে টাকা পরিশোধ এবং ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ প্রক্রিয়া নিয়ে কথা বলতে শোনা যায়। তিনি সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। এই ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ৯ জন নিহত এবং ৪ শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি এই হত্যা মামলায় কারাগারে বন্দি রয়েছেন।

মানবকণ্ঠ/আরআই