পদোন্নতির দাবিতে ক্লাশ-পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। ফলে মঙ্গলবার সকাল থেকে এই উচ্চশিক্ষা কেন্দ্রে বন্ধ রয়েছে ক্লাশ-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম। পাশাপাশি বন্ধ রয়েছে সব প্রশাসনিক কার্যক্রমও।
এর আগে সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১০২ জন শিক্ষকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ববির সমাজকর্ম বিভাগের শিক্ষক মুস্তাকিম বিল্লাহ বলেন, ২৪ জন শিক্ষকের পদোন্নতির সুপারিশ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বাড়ছে। এ প্রেক্ষাপটে এক শিক্ষক আমরণ অনশনে বসেছিলেন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে এবং দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা কর্মবিরতি ডেকেছে। দ্রুত দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
একাধিক শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে সিন্ডিকেট অনুমোদিত বিধির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে, যা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তবে সম্প্রতি ইউজিসির এক নির্দেশনায় বলা হয়েছে, পদোন্নতি ও পর্যায়োন্নয়নসহ সংশ্লিষ্ট সব বিধি যথাযথ কর্তৃপক্ষ, অর্থাৎ চ্যান্সেলরের অনুমোদনসাপেক্ষে কার্যকর করতে হবে। এই নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক কাঠামো ও কার্যক্রম আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি শিক্ষকদের।




Comments