Image description

ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটিকে যে কোনো ‘প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা’ নিতে হবে বলে ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এক বার্তায় তিনি এ কঠোর অবস্থান ব্যক্ত করেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর (IRNA) বরাতে জানা গেছে, পাকিস্তানের পক্ষ থেকে নতুন করে যুদ্ধবিরতির আহ্বানের প্রেক্ষাপটে ইরান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। ইসমাইল বাঘাই বলেন, দেশের নিরাপত্তা সুরক্ষায় ইরান তার সক্ষমতা অনুযায়ী যে কোনো সময় যথাযথ পদক্ষেপ গ্রহণে পিছপা হবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, পাকিস্তানের অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। তবে ট্রাম্পের বক্তব্যে এক ধরনের প্ররোচনা ছিল; তিনি দাবি করেন, বর্তমানে ইরানের সরকার ‘গুরুতরভাবে বিভক্ত’ অবস্থায় রয়েছে।

ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় এবং ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে বাঘাই বলেন, “কূটনীতি হলো জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম একটি প্রধান হাতিয়ার। যখনই তেহরান মনে করবে আলোচনার জন্য প্রয়োজনীয় ও যৌক্তিক পরিবেশ তৈরি হয়েছে, তখনই তারা সেই পথে পদক্ষেপ নেবে।” এর আগে কোনো ধরনের একতরফা চাপে ইরান নতি স্বীকার করবে না বলেও তিনি ইঙ্গিত দেন।

বর্তমানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইরানের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/আরআই