টলিউডের জনপ্রিয় নির্মাতা-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ২১ দিন ধরে নিখোঁজ তিনি। এদিকে, তাঁর সন্ধান পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমেও প্রচার হয়েছে নিখোঁজ বিজ্ঞপ্তি। কিন্তু আজও খোঁজ মেলেনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, উৎসবকে খুঁজে পেতে ক’দিন আগে ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেছেন মৌপিয়া। তবে বিশেষ কোনো লাভ হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ব্যস্ত ফেডারেশন সভাপতি।
মৌপিয়া বলেন, ‘প্রতিদিন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। এমনকি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও আমি দেখা করেছিলাম। সর্বত্র একটাই প্রতিক্রিয়া—নির্বাচনের আগে কিছুই করা সম্ভব নয়। সবাই এখন খুব ব্যস্ত ভোটের কাজে। এরমধ্যে কোনো অঘটন ঘটে গেলে সবাই তখনও নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে! বুঝতে পারছি না, কী প্রক্রিয়া! যত দিন যাচ্ছে, ততই অবাক হচ্ছি আমি। কোনো দিশা দেখতে পাচ্ছি না।’
তিনি জানান, মা-বাবার মৃত্যুর পরে আর তেমন কেউই বেঁচে নেই উৎসবের পরিবারে। আত্মীয়স্বজনের সঙ্গেও সেভাবে তাঁর কোনো যোগাযোগ ছিল না।
পরিচালকের স্ত্রী বলেন, ‘‘আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। মানসিকভাবে ভেঙে পড়ছি। আমার কাছে যা যা তথ্য ছিল, সবই দিয়েছি পুলিশকে। তারপরেও খোঁজ নিলে একটাই উত্তর—‘দেখছি’। আর কবে দেখবে কিছুই বুঝছি না।’’
তাঁর প্রার্থনা, স্বামী উৎসবকে যেন তিনি তাড়াতাড়ি ফিরে পান।
প্রসঙ্গত, বেশকিছু জনপ্রিয় ওয়েব ফিল্ম ও সিরিজের নির্মাতা উৎসব মুখোপাধ্যায়। তার মধ্যে রয়েছে ‘ভালোবাসার শহর: শর্ষে ইলিশ’ ও ‘ক্যাবরে’ উল্লেখযোগ্য। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন নির্মাতা অনীক দত্তের আলোচিত দুটি ছবির চিত্রনাট্যকার হিসেবে। সেগুলো হলো ‘অপরাজিত’ ও ‘বরুণবাবুর বন্ধু’।




Comments