বর্তমান সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের আকাঙ্ক্ষা ছিল এবং জনগণকে আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে—বিগত নির্বাচনটি হবে একটি আমূল পরিবর্তনের নির্বাচন। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার সেই নির্বাচনকে স্রেফ একটি ক্ষমতার পালাবদলের নির্বাচনে পরিণত করেছে।”
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের জোরালো দাবি জানিয়ে বলেন, “দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে এবং সেটা এনসিপির নেতৃত্বেই সম্ভব হবে। এনসিপির ছায়াতলে দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধ হচ্ছে।”
অনুষ্ঠানে এনসিপিতে নতুন যোগদানকারী বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদের মধ্যে রয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি এবং বিএনপি ও ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা ইসহাক সরকার।
ইসহাক সরকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “তিনি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। তার হাত ধরে আজ বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছেন।”
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের জ্বালানি নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “জ্বালানি সংকট ও তেলের পাম্পে দীর্ঘ লাইনের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। কেন লোডশেডিং হচ্ছে, তা সরকারকে পরিষ্কার করতে হবে। যদি সরকার এই সিন্ডিকেট দমন করতে না পারে, তবে এনসিপি রাজপথে নেমে সিন্ডিকেট দমাতে বাধ্য হবে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে অভিযোগ করেন, সরকার মুদ্রাস্ফীতি না কমিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে গোপনে নতুন নোট ছাপাচ্ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করবে। এছাড়া শাহবাগ থানায় গতদিনের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস চাই। ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments